শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ, উপ-উপাচার্যকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:২৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজকেও দিনভর প্রশাসনিক ভবনের বিক্ষোভ চলছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। সর্বশেষ বিকেল ৫টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে অবস্থান নিতে দেখা গেছে তাদের।

এদিকে বিক্ষোভ চলাকালে বেলা ১২টা দিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম প্রশাসনিক ভবনে প্রবেশের সময় শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

এক পর্যায়ে বেলা দেড়টায় দিকে শিক্ষার্থীরা সাংবাদিকদের কাছ আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং তাদের দাবি দাওয়া তুলে ধরেন। এ সময় তারা বলেন, শাকসু নির্বাচনের প্রধান সংকট হচ্ছে এখন পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়নি। আমাদের মামলার গ্রাউন্ড স্ট্রং আছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। যদি আবেদন গ্রহণ করা হয়, তাহলে রায় আমাদের পক্ষে আসবে।

তারা আরও বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, সর্বোচ্চ ওপর মহল থেকে এই মামলা না তোলার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। একটি দলের ইউনিট থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত মিডিয়ার সামনে বলেছেন, ছাত্র সংসদ বন্ধ করার ব্যাপারে তারা ভূমিকা রেখেছেন। স্বাভাবিকভাবেই তাদের বড় বড় আইনজীবী থাকার কারণে আমাদের ছোট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে পেরেছেন। সে জায়গায় আমাদের শিক্ষার্থীদের পক্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাড়া আর কেউ নেই। সুতরাং যারা এই ছোট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের বিষয় হিসেবে নিয়েছেন, আমাদের পক্ষ থেকে তাদের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: ইত্তেফাক

এ সময় তারা আরও বলেন, একটি রাজনৈতিক দল বিএনপি ও তাদের ছাত্র সংগঠন ছাত্রদল এই নির্বাচন না হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এজন্য আমাদের আন্দোলন আরও দীর্ঘ হচ্ছে। একটি রাজনৈতিক দল যখন আমাদের নির্বাচন আটকানোর জন্য তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে, তখন আমাদের নির্বাচন আদায়ের লড়াইটা আরও বড় শক্তির বিরুদ্ধে পরিণত হয়।

শাকসুর ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, এটি হলো ভোটাধিকার হরণ করার শুরুর ধাপ। হাসিনা এক দিনে তৈরি হয়নি; হাসিনা তৈরি হয়েছে ছোট ছোট অধিকার হরণ করার মাধ্যমেই। আমরা আরেকটি মনস্টার দেখতে চাই না। আমরা চাই দেশবাসী তাদের অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হোক।

এ সময় পরবর্তী কর্মসূচি নিয়ে তারা বলেন, এখন আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব।

ভুয়া ভুয়া স্লোগানের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, শাকসু ছাত্রদল, ছাত্রশিবির বা কোনো বিশেষ সংগঠনের না, এটি শাবিপ্রবির সব শিক্ষার্থীর। সেটি মাথায় রেখে যখন যে সহযোগিতা প্রয়োজন হয়েছে আমি করেছি। তবে এখন আমার মনে হচ্ছে এর মধ্যে অনেক নোংরামি ঢুকে গেছে। যেটি টের পেয়ে হয়তো কিছু শিক্ষার্থী যারা প্রার্থী ছিলেন তারা রিট করেছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আপিল করা হয়েছে সেটি সবাই জানে। আজ আমি অফিস করি। এটি শিক্ষার্থীদেরই দাবি ছিল, আমি অফিসে আসার সময় ঘটনাটি ঘটেছে। যাদের নাম শুনতেছি সবাই একটা বিশেষ সংগঠনের।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে চার সপ্তাহের জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরপর এদিন বিকেলেই হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকসু নির্বাচনের দাবিতে সোমবারও ক্যাম্পাসে অবস্থান করেন শিক্ষার্থীদের একটি অংশ। 

ইত্তেফাক/এপি