কুড়িগ্রামের রৌমারীতে লেনদেন নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং আবু হাসনাত মো. মিজানুর রহমান রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।
এ বিষয়ে ডিলার আব্দুর রাজ্জাক বলেন, লেনদেন নিয়ে তার সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দেবেন বলে তিনি জানান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত বলেন, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি এবং তার পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় লিখিত অভিযোগ দেবেন বলে শুনেছি। অভিযোগ পেলে থানা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
