জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শেষ করলো বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সুপার সিক্স নিশ্চিত করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এবার বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার (২৪ জানুয়ারি) কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা।
দলের পক্ষে ৪৫ বলে ৫২ রান করেন শারমিন আক্তার। বিশ্বকাপ বাছাইয়ে এটি তার দ্বিতীয় ফিফটি। এছাড়া ওপেনার দিলারা আক্তার ২৭ বলে ৩৫ ও শেষ দিকে ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি।
১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আয়ারল্যান্ড। ৭ ওভার ৩ ৩ বলে ৫৩ রান রান সংগ্রহ করে তারা। ওপেনার অ্যামি হান্টার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। দলীয় ৭১ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা।
হান্টারের বদলে মাঠে নামা ওরলা প্রেন্ডারগাস্ট ১২ রানে আউট হন। অধিনায়ক ও ওপেনার গ্যাবি লুইস ৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। শেষ ৪ ওভারে দলটির দরকার ছিল ৪৩ রান। হাতে ছিল ৮ উইকেট। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এই সমীকরণ মেলাতে পারেনি আইরিশরা। ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে তারা।

