যশোরের চৌগাছায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের হিজলী বিজিবি ক্যাম্পের পাশের একটি কড়ই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় নারী ইউপি সদস্য সফুরা বেগম জানান, এলাকার নুর ইসলাম নামের একব্যক্তি মাঠে যাওয়ার সময় হিজলী ক্যাম্পের পাশে একই গ্রামের গওহর আলীর পারিবারিক কবরস্থানের একটি কড়ইগাছে অজ্ঞাত ব্যক্তির লাশ ঝুলতে দেখে। ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: কালকিনিতে ডেঙ্গুজ্বরে গৃহবধূর মৃত্যু
স্থানীয়রা জানায়, গলায় কাঁচা পাট গাছের আঁশ দিয়ে ঝুলানো লাশের দুই পা প্রায় মাটিতে ছিল। কাদামাটি মাখা একটি ধূসর গেঞ্জি উল্টো করে গায়ে দেয়া এবং একটি লালচে রংয়ের ট্রাউজার পরনে ছিল। ঘটনাস্থল থেকে ৫০/৬০ মিটার দূরের একটি পাটক্ষেতে দুটি ছেড়া প্লাস্টিকের জুতা পাওয়া যায়।
চৌগাছা থানা পুলিশের তদন্তকারি কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এলাকাবাসি লাশটি সনাক্ত করতে পারেনি। অজ্ঞাত হিসেবে সুরতহাল করা হয়েছে। লাশের শরীরের কোথাও কোন দাগ পাওয়া যায়নি। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, লাশটি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
