জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের এমপি প্রার্থী রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা গণ অধিকার পরিষদ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মামুন মিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব দুলাল হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং নেতা-কর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ও ডাংধরা ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার আওতাধীন ডাংধরা ইউনিয়ন গণ অধিকার পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব দুলাল হোসেন বলেন, কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের নির্দেশ অমান্য এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগের কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, তার নির্বাচনী কার্যক্রমে গণ অধিকার পরিষদের কোনো নেতা-কর্মী অংশ নেবেন না।
এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, উপজেলা গণ অধিকার পরিষদ একতরফাভাবে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, যা তিনি মানেন না। নির্বাচনী আচরণবিধি মেনে তিনি নির্বাচনে অংশগ্রহণ অব্যাহত রাখবেন এবং বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
