আসামি ধরতে গিয়ে ‘স্বজনদের হামলায়’ দুই পুলিশ আহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২৩:০০

গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তারি পরোয়ানার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মতিনকে (৪২) ধরতে গিয়ে আসামির স্বজনদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেংরা (ডিবার পাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদ খান এবং শহিদুল ইসলাম। তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক নিয়েছেন।

হামলায় দুই পুলিশ সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি আব্দুল মতিন শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেংরা (ডিবার পাড়) গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি ২০১৯ সালের একটি মামলার আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ২০১৯ সালের একটি মামলায় আসামি আব্দুল মতিনসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়। ওই বিষয়ে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদ খান এবং শহিদুল ইসলাম উপজেলার টেংরা গ্রামের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মতিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি তার দুই ভাই দৌঁড়ে পালিয়ে যায়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, একপর্যায়ে আব্দুল মতিনের স্ত্রী, মেয়ে ও অন্যান্য স্বজনেরা পুলিশের উপর হামলা করে। খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামী আব্দুল মতিনকে গ্রেপ্তার এবং আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। পুলিশের উপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

ইত্তেফাক/এপি