নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৩:০০

নরসিংদীর বেলাবতে নিখোঁজের তিন দিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আজিমুল ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে এবং তিনি একজন প্রতিষ্ঠিত পোলট্রি খামার ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ পোলট্রি খামার থেকে বের হওয়ার পর থেকেই আজিমুল নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। 

নিখোঁজের পরদিন বুধবার নিহতের ভাগিনা মো. উমর ফারুক বাদী হয়ে বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি ডোবায় সন্দেহজনক বস্তাবন্দি একটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি আজিমুলের মরদেহ হিসেবে শনাক্ত করে।

হত্যাকাণ্ডের নেপথ্যে খামারের নিখোঁজ শ্রমিকদের যোগসূত্র থাকতে পারে বলে নিহতের পরিবার দাবি করছে। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল তার খামারে কাজের জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল জানা গেলেও অন্যজনের পরিচয় অজ্ঞাত। 

আশ্চর্যের বিষয় হলো, আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিককেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং খামারে থাকা সব মুরগিও রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এই বিষয়গুলো হত্যাকাণ্ডকে আরও রহস্যময় করে তুলেছে এবং লুটতরাজের উদ্দেশ্যে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাসির উদ্দিন জানিয়েছেন, পুলিশ জিডি দায়েরের পর থেকেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য তৎপর ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো যাবে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে বিশেষ অভিযান চালনা করা হচ্ছে।

ইত্তেফাক/টিএইচ