লক্ষ্মীপুরে আয়ারল্যান্ড প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৩:৪৬

আয়ারল্যান্ড প্রবাসীর গ্রামের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামে ২৮ শতক জমি একটি ভূমিদুস্য চক্র দখলের চেষ্টা চালিয়েছে। এই অভিযোগে আয়ারল্যান্ড প্রবাসী শাহিনুর আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ করেছেন। গত ২২ জানুয়ারি তিনি এই অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, 'আমি ও আমার সন্তান ইউনুস চৌধুরী আয়ারল্যান্ডে পরিবারসহ গত ২৫ বছর ধরে বসবাস করছি। এখন আমরা দেশে বিনিয়োগের পরিকল্পনা করছি। কিন্তু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে আমার বৈধ মালিকানাধীন ২৮ শতক জমিতে গত ১৭ ডিসেম্বর আমার দুই কেয়ারটেকারের মাধ্যমে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে স্থানীয় ভূমিদস্যু চক্র বাধা দেয়। তারা আমার দেওয়াল নির্মাণের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। স্থানীয় মুরব্বিদের কাছে অভিযোগ দিলে, তারা জানায়, জাতীয় নির্বাচনের পর এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু উপযুক্ত প্রতিনিধি দেশে না থাকায় আইনিভাবেও বিষয়টি সমাধান করতে পারছি না। আমরা দেশে গেলে আমাদের দেখে নেবে বলে বিভিন্ন লোকজনের কাছে হুমকি দিচ্ছে তারা।'

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, শাহিনুর আক্তারদের পারিবারিক জমিজমা নিয়ে তাদের আত্মীয়স্বজনের সঙ্গে মামলা রয়েছে। আমার বাড়ির রাস্তা তিনি বন্ধ করে সীমানা প্রাচীর তৈরির চেষ্টা করেছেন। এ বিষয়ে স্থানীয় মুরুব্বিদের কাছে বিচার দিলে তারা জাতীয় নির্বাচনের পরে আপস করে দেবেন বলে জানিয়েছেন। তবে তিনি তাদের কোনো জমি দখল বা দখলের চেষ্টা করেননি।

এ বিষয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জামিলুল হক বলেন, প্রবাসী ঐ পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি অভিযোগ দিয়েছে। আমাদের আইনে যতটুকু কাভার করে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

ইত্তেফাক/এনএন