অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচের মুখোমুখি আলকারাজ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৪

চলতি আসরের শুরুতে নিস্তেজ থাকা অস্ট্রেলিয়ান ওপেন শেষ দুই দিনে এসে যেন হঠাৎ করেই নিজের সব জৌলুস ফিরিয়ে নিয়েছেন। গতকাল ভিন্ন দুই সেমিফাইনালে জিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে জায়গা করে নিয়েছেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেন ইতিহাসের দীর্ঘতম সেমিফাইনাল জিতে ফাইনালে জায়গা নিয়েছেন বর্তমান টেনিস বিশ্বের ১ নম্বর তারকা কার্লোস আলকারাজ।

অন্যদিকে বয়স, সময় আর যুক্তিকে অস্বীকার করে আবারও ফাইনালে উঠে এসেছেন টেনিসের জীবন্ত কিংবদন্তি নোভাক জোকোভিচ। মেলবোর্নে প্রথম সেমিফাইনালটি শেষ হতে সময় লেগেছে পাঁচ ঘণ্টা ২৭ মিনিট। তবে সময়ের হিসাব দিয়ে সেই ম্যাচের গভীরতা বোঝানো যায় না। ৬-৪, ৭-৬ (৫), ৬-৭(৩), ৬-৭ (৪), ৭-৫ স্কোরলাইনে প্রায় অসম্ভব জয় ছিনিয়ে এনেছেন আলকারাজ। 

প্রথম দুই সেটে সবকিছু ছিল আলকারাজের নিয়ন্ত্রণে। মনে হচ্ছিল আরেকটি একপেশে সেমিফাইনাল। তারপর তৃতীয় সেটের শেষদিকে হঠাৎ বদলে যায় দৃশ্যপট। ৪-৪ গেমে একটি ভলি ফেরাতে গিয়ে পেশিতে টান লাগে আলকারাজের। উরুর চোট আর ভয়ংকর ক্র্যাম্প একসঙ্গে চেপে বসে। বিরতির সময় তোয়ালেতে দুইবার বমি করেন তিনি। ৫-৪ গেমে এগিয়ে থেকে আলকারাজ মেডিক্যাল টাইম আউট চান। এরপরের সময়টা আলকারাজ খেলেছেন এক পায়ে ভর করে।

শেষ পর্যন্ত ট্রেডমার্ক রানিং ফোরহ্যান্ডেই বাজিমাত করেন আলকারাজ। যে শটে গত বছর ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়েছিলেন, সেই একই শটে এবার জভেরেভকে স্তব্ধ করে দিয়ে ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল নিশ্চিত করেন তিনি। এটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম শারীরিকভাবে কঠিন ম্যাচ বলেছেন আলকারাজ। 

অন্য সেমিফাইনালে জেতা মানুষটি একেবারেই ভিন্ন গল্পের প্রতিনিধি। শেষ দুটি ম্যাচে একটিও সেট না জিতে সেমিফাইনালে এসেছিলেন রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামের খোঁজে থাকা জোকোভিচ। সেমিফাইনালে তিনি যা করলেন, সেটি তার নামের ভারের সঙ্গে বেশ মানানসই। ইয়ানিক সিনারের বিপক্ষে চার ঘণ্টা ৯ মিনিটের লড়াই। প্রথম সেট ৬-৩ সিনারের। 

দ্বিতীয় সেটে জোকোভিচের প্রত্যাবর্তন। তৃতীয় সেট আবার সিনারের। চতুর্থ সেটে জোকোভিচ ম্যাচ নিয়ে যান পঞ্চম সেটে। শেষ সেটে আটটি ব্রেক পয়েন্ট বাঁচান তিনি। স্থানীয় সময় রাত দেড়টার পর মেলবোর্নে যখন শেষ পয়েন্টটি আসে, স্কোরলাইন দাঁড়ায় ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪। অন-কোর্ট সাক্ষাৎকারে তিনি বলেন, ম্যাচটি ছিল 'অবাস্তব'। এদিকে নারী এককের ফাইনালে আজ কাজাখস্তানের ইয়েলেনা রিবাকিনার প্রতিপক্ষ বেলারুশের আরিনা সাবালেঙ্কা।

ইত্তেফাক/জেডএইচ