নতুন এপস্টেইন নথি: রুশ তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:০৪

মার্কিন বিচার বিভাগ প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে যুক্ত প্রায় ৩০ লাখ নথির একটি নতুন কিস্তি সম্প্রতি প্রকাশ করেছে। এই নথিগুলো প্রকাশের পর শনিবার ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে রাজপরিবারের সদস্য থেকে শুরু করে বিশ্বের রাজনৈতিক ও প্রযুক্তি জগতের নাম—যা একবারেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এবং ডেইলি মেইল সূত্রে জানা গেছে, এপস্টেইন গৃহবন্দী অবস্থান থেকে মুক্তি পাওয়ার মাত্র দুই মাসের মধ্যে বাকিংহাম প্রাসাদে আমন্ত্রণ পেয়েছিলেন। সেই আমন্ত্রণ পাঠিয়েছিলেন প্রিন্স অ্যান্ড্রু (মাউন্টব্যাটেন-উইন্ডসর)।

২০১০ সালের সেপ্টেম্বরের এক ই-মেইলে দেখা যায়, ‘দ্য ডিউক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এপস্টেইনকে প্রাসাদে আসার আহ্বান জানানো হয় এবং সেখানে ‘সর্বোচ্চ গোপনীয়তা’ বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ই-মেইলটিতে ‘HRH Duke of York KG’ স্বাক্ষর থাকায় বিষয়টি আরও স্পষ্ট মনে হচ্ছে। যদিও বিবিসি বা অন্য কোনো সংবাদমাধ্যম এই ই-মেইলগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি, তবু এই তথ্য রাজপরিবারের জন্য নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। প্রিন্স অ্যান্ড্রু বরাবরই এপস্টেইনের সঙ্গে কোনো অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করে আসছেন।

ডেইলি টেলিগ্রাফ এবং দ্য সান প্রকাশ করেছে একটি ই-মেইল আদান-প্রদানের তথ্য, যেখানে দেখা যায় এপস্টেইন ‘দ্য ডিউক’-কে ২৬ বছর বয়সী এক ‘সুন্দরী’ রুশ তরুণীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছেন।

ই-মেইলে তিনি লিখেছেন, ‘আপনার জন্য আমার কাছে এক রুশ বান্ধবী আছে।’ এই তথ্যগুলো প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠতার মাত্রা ও লেনদেনের প্রকৃতি নিয়ে নতুন প্রশ্ন উসকে দিয়েছে।

নথিগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের নামও দেখা গেছে।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, নথিতে ট্রাম্পের বিরুদ্ধে কিছু অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে মার্কিন বিচার বিভাগ উল্লেখ করেছে, এসব অভিযোগের অনেকটাই অসমর্থিত ও ভিত্তিহীন। হোয়াইট হাউস এবং ট্রাম্পের পক্ষ থেকে এসবকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘চাঞ্চল্যকর গুজব’ হিসেবে উড়িয়ে দেওয়া হয়েছে।

ডেইলি স্টার-এর প্রতিবেদনে নতুন ফাইলে দাবি করা হয়েছে, বিল গেটস এপস্টেইনের মাধ্যমে এক রুশ মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের ফলে যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন। গেটসের মুখপাত্র এই দাবিকে ‘চরম হাস্যকর এবং সম্পূর্ণ মিথ্যা’ বলে খণ্ডন করেছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড ম্যান্ডেলসনের সঙ্গী সম্পর্কিত তথ্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ২০০৯ সালে এপস্টেইন ম্যান্ডেলসনের সঙ্গী রেইনালদো আভিলা দা সিলভাকে কয়েক হাজার পাউন্ড পাঠিয়েছিলেন। ম্যান্ডেলসন আগে এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের জন্য দুঃখ প্রকাশ করলেও এই নতুন লেনদেনের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

জেফরি এপস্টেইন সংক্রান্ত এই লাখ লাখ পৃষ্ঠার নথি থেকে আগামী দিনে আরও অনেক প্রভাবশালী ব্যক্তির গোপন তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/এমএএস