নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে পুরস্কারের পাশাপাশি নগদ টাকা দেওয়ার অভিযোগে বিএনপি জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত ‘দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই প্রার্থী। সেখানে তার বিরুদ্ধে নগদ টাকা বিতরণের অভিযোগ ওঠে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মনির হোসাইন কাসেমী নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলা) আসনে খেজুর গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগেও আরও কয়েকটি ঘটনায় কাসেমীকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একাধিকবার জরিমানা করা হয়। তবে শনিবারের অভিযানেই তাকে সর্বোচ্চ জরিমানা হিসেবে গুনতে হলো। পুরস্কার বিতরণের আড়ালে নগদ টাকা দেওয়ার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, শনিবার দুপুরে সদর উপজেলার দেলপাড়া এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জানা যায়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ১৫ (খ) এর সুস্পষ্ট লঙ্ঘন এবং উপস্থিত আয়োজনকারী ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিধিমালার ২৭ (ক) বিধি এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
