নড়িয়ায় ৯৫টি ককটেলসহ ধারালো অস্ত্র উদ্ধার, আটক ৩

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৫

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকায় অভিযান চালিয়ে  ৯৫ টি ককটেল, টেটা, রামদাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন, মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে তাদেরকে নড়িয়া থানায় সোপর্দ করেন পুলিশের উপপরিদর্শক অখিল রঞ্জন সরকার।

নড়িয়া থানা সূত্রে জানা যায়, পুলিশের কাছে তথ্য আসে শরীয়তপুরের ব্যাপারী কান্দি এলাকার একটি বাড়িতে ককটেল রাখা হয়েছে। এরপর সোমবার সকালের দিকে নড়িয়া থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে পেদা মসজিদের বারান্দা ঘর, খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে ৯৫ টি ককটেলসহ কয়েকটি টেটা, রামদা এবং কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নানা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  সর্বদা সতর্ক রয়েছে। পোড়াগাছা এলাকা থেকে ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে  এবং ওই ঘটনায় মামলা দায়ের করা হবে। আর ঘটনাটি ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। সেখানে এই ককটেল গুলো কি উদ্দেশ্যে কারা রেখেছিল তা খোঁজা হচ্ছে।’

ইত্তেফাক/এএস/এএম