মাদারীপুর-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের গণসংযোগ চলাকালে হামলার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এসময় অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কালিরবাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে কর্মী সমর্থক নিয়ে কালিরবাজার এলাকায় গণসংযোগে যান ‘কলস’ প্রতীকের প্রার্থী মিল্টন বৈদ্য। গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থকরা মিল্টন বৈদ্যর ওপর হামলা চালায়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বেল্লাল মাতুব্বর নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের অভিযোগ বলেন, ধানের শীষের স্লোগান আমার কর্মী-সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হাতুড়ি দিয়ে পিটিয়ে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। এসময় একাধিক মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
এই হামলার অভিযোগ অস্বীকার করে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া জানান, ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালালে প্রতিরোধ করে তার সমর্থকরা। তারা আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে মিল্টনের লোকজন। আমি এর বিচার চাই।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
