নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল চারটায় নিয়ম অনুযায়ী স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান। পরবর্তী তিন দিন বিদ্যালয় বন্ধ ছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখেন, নিচতলায় স্থাপিত তিনটি ক্যামেরার মধ্যে দুটি খুলে নেওয়া হয়েছে। বুধবার সরেজমিনে গিয়েও একই চিত্র দেখা যায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, নিয়ম অনুযায়ী স্কুল বন্ধ করে যাওয়ার পর সোমবার এসে তারা ভোটের কাজে স্থাপন করা দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, এটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, যারা নির্বাচনে কারচুপি বা কেন্দ্রভিত্তিক গোলযোগ চায়, এটি তাদের নাশকতামূলক তৎপরতার অংশ হতে পারে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে লক্ষ্মীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, বিষয়টি তার জানা আছে এবং থানায় অভিযোগ করা হয়েছে।

