জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখালো ডিএমপি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বলেছে, গ্রেপ্তার ছরওয়ার আলমের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তসহ ফরেনসিকের পর বলা যাবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোড এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

এর আগে, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আলমকে আটক করে পুলিশ। এরপর তাকে নেওয়া হয় ডিবি হেফাজতে।

এরপর রাতে ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জামায়াতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ারকে আটক করা হয়েছে। তাকে ধরতে রাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি স্থাপনায় অভিযান চালানো হয়।

গত শনিবার রাতে জামায়াত আমিরের ‘এক্স’ হ্যান্ডেল ব্যবহার করে দেয়া ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে ভোটের প্রচারণার মধ্যেই বেশ ‘উত্তপ্ত পরিস্থিতির’ সৃষ্টি হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছিল।

এ নিয়ে বিক্ষোভ ও বাদ-প্রতিবাদের মধ্যে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধিদল এ বিষয়ে অভিযোগ দেয়।

 

ইত্তেফাক/পিএস