কেউ কেউ বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩

কেউ কেউ বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে সহিংসতা, ভয়ভীতি, নারী ও সংখ্যালঘু ভোটারদের হুমকি, কালো টাকা বিতরণ এবং সাইবার হামলার অভিযোগ তোলেন তিনি। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) দুপুরে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে খুলনা-৫ আসনের নির্বাচনি ইশতেহার ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।  

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, দিনমজুর, গরিব মানুষ, সংখ্যালঘু নারীদের ২০০ থেকে ৩০০ টাকা করে দেওয়া হচ্ছে। কেউ কেউ বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। এটা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।

নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও মাঠের বাস্তবতা ভিন্ন উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি বলেন, নির্বাচনের এখনো এক সপ্তাহ বাকি থাকলেও প্রার্থী, কর্মী ও ভোটারদের ওপর হামলা ও ভয়ভীতি চলছে। মাঠপর্যায়ে ভয়াবহ অনিয়ম ও সহিংস পরিস্থিতি তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সংবাদ সম্মেলনে সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। অভিযোগ করে তিনি বলেন, খুলনা-৫ আসনের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ‘ভয়াবহ পরিণতির’ হুমকি দেওয়া হচ্ছে। কোথাও কোথাও মিটিং করতে গেলে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে, দাঁড়িপাল্লার সভায় গেলে খবর আছে।

নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা বাধাগ্রস্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, ফুলতলা ও ডুমুরিয়ার বিভিন্ন এলাকায় তার নির্ধারিত সভা-সমাবেশে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে। একাধিক স্থানে চেয়ার-টেবিল ভেঙে সভা ভন্ডুল করা হয়।

খুলনা-৫ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে অন্তত ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন দাবি করে গোলাম পরওয়ার জানান, এসব কেন্দ্রে ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও আগাম ব্যালট সরানোর আশঙ্কা আছে।

এসময় সংবাদ সম্মলনে আরও উপস্থিত ছিলেন- খুলনা জেলা আমির এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস ও গওসুল আজম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি আবুল খায়ের ও সাবেক যুগ্ম সম্পাদক শেখ জাকিরুল ইসলাম।

 

ইত্তেফাক/এনটিএম