নারায়ণগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়ত উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে মনির কাসেমী জানান, এ নিয়ে তিনি এর আগে গত ২৫ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখছেন না। তার দাবি, একটি পক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ওই দুই কর্মকর্তা একটি প্রভাবশালী শিল্পপতি প্রার্থী ও তার কর্মীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন।
এতে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি, উদ্বেগ ও অসন্তোষ তৈরি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলেও তিনি দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, নির্বাচনী প্রচার, সভা-সমাবেশ ও গণসংযোগের ক্ষেত্রে আর্থিক সুবিধার বিনিময়ে বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিপন্থি এবং নির্বাচন কমিশনের নীতিমালার লঙ্ঘন। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, রিটার্নিং কর্মকর্তা এখনো আমাকে এ বিষয়ে ডাকেননি। ডাকলে আমি আমার বক্তব্য উপস্থাপন করবো।

