ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফরিদপুর সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তার সফরকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে এবং দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা উন্নয়ন দাবিগুলো নতুন করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিশেষ করে ফরিদপুরের জন্য প্রণীত ১০ দফা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানিয়েছেন, নড়াইলের জনসভা শেষে বিকেলে ফরিদপুর-১ আসনের বোয়ালমারী স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমীর। এরপর রাত ৮টার দিকে ফরিদপুর-৩ (সদর) আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। দুই জনসভাতেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।
এই সফরকে ঘিরে ফরিদপুরবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো সামনে এসেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ১০ দফা দাবির মধ্যে রয়েছে- ফরিদপুরকে পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে ঘোষণা করা, পল্লীকবি জসীমউদ্দীনের নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি গার্লস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ স্থাপন। স্থানীয়রা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের দাবিও গুরুত্ব পাচ্ছে। মুন্সি বাজার মোড় থেকে ভাঙ্গা পর্যন্ত এবং রাজবাড়ী রাস্তার মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণ, সি অ্যান্ড বি ঘাটকে আধুনিক নৌবন্দর এবং ধলার মোড়কে আধুনিক পর্যটন এলাকায় রূপান্তরের প্রস্তাবও তালিকায় রয়েছে।
অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ফরিদপুরে একটি ইপিজেড স্থাপনের দাবিও সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও তরুণদের মতে, ইপিজেড স্থাপিত হলে শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি হবে।
রেল যোগাযোগ উন্নয়নের দাবিও উল্লেখযোগ্য। কুষ্টিয়া থেকে রাজবাড়ী–ফরিদপুর–শিবচর–জাজিরা হয়ে ঢাকাগামী সকালে একটি বিশেষ ট্রেন চালু এবং বিকেলে ফিরতি ট্রেন চালু, পাশাপাশি ফরিদপুর রেলওয়ে স্টেশন আধুনিকায়নের দাবি তুলেছেন নাগরিকরা।
জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভায় এসব দাবি জামায়াত আমীরের কাছে তুলে ধরা হবে। দলীয় নেতারা বলছেন, জনগণের সমর্থন পেলে সরকার গঠনের পর ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
