খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫০

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানায়, রফিকুল আলম খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য ও রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৪৭টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে।

পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি পুলিশ রফিকুল আলমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

ইত্তেফাক/এপি