পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজকে দলে নেওয়ার পর পর বেশ উচ্ছ্বাসিত লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লাহোর কালান্দার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় সামিন বলেন, বিশ্ব ক্রিকেটের জন্য মোস্তাফিজ অনেক বড় নাম। তাকে দলে পাওয়া কালান্দার্সের জন্য সম্মানের ব্যাপার।
৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। টাইগার এই পেসারের কাছে দলটির প্রত্যাশাও বেশি দলটির। সামিন বলেন, ‘পাকিস্তান সুপার লিগের জন্য এটা অনেক বড় একটা নাম। বিশ্ব ক্রিকেটের জন্যও। তাকে পাওয়া যেকোনো দলের জন্য সম্মানের ব্যাপার। তার সঙ্গে আমাদের অনেক পুরোনো সম্পর্ক।’
এর আগেই লাহোর কালান্দার্সে খেলেছেন মোস্তাফিজ। এ প্রসঙ্গে সামিন বলেন, ‘দশ বছর আগে পাকিস্তান সুপার লিগ যখন শুরু হয়েছিল, তখন গোল্ড ক্যাটাগরিতে লাহোর কালান্দার্স প্রথমে মোস্তাফিজুর রহমানকেই নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এনওসির কিছু সমস্যার কারণে সে তখন আসতে পারেনি। যদিও দুই বছর পর সে ঠিকই এসেছিল। আমরা তখন তার পারফরম্যান্স উপভোগ করেছি। লাহোরের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার যে মোস্তাফিজের মতো খেলোয়াড় আমাদের হয়ে খেলবে।’
এছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করে পিএসএলের দলটির মালিক আরও বলেন, ‘বাংলাদেশি ক্রিকেটাররা অসাধারণ। তার চেয়ে বড় ব্যাপার, তারা মানুষ হিসেবে দারুণ। তাদের যতজনের সঙ্গে আমি কাজ করেছি, সেটা মেহেদী হাসান মিরাজ হোক কিংবা সাকিব আল হাসান অথবা রিশাদ হোসেন; দারুণ আনন্দের ছিল। তাদের সঙ্গে যোগাযোগ অনেক সহজ। আর তারা প্রাণ উজাড় করে খেলে। বাংলাদেশ থেকে যেসব খেলোয়াড় আসে তারা দলকে নিজেদের ব্র্যান্ড ভেবে নিয়েই খেলে।’
সবশেষে মোস্তাফিজের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে সামিন বলেন, ‘ফিজ আমি তোমাকে ভালোবাসি। আমি রিশাদের জন্য বলেছি, তোমার জন্যও একই কথা বলছি। তোমার অপেক্ষায় আছি।’

