মালয়েশিয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় আটক এক বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, গত ২৭ ডিসেম্বর মালয়েশিয়ান পুলিশ পেরাক রাজ্যের তেলোক ইনতান এলাকা থেকে আটক করা হয় ওই বাংলাদেশি কর্মীকে।
হাইকমিশনের তথ্যমতে, আটক ব্যক্তি অবৈধ প্রবেশকারী ছিলেন এবং তার কাছ থেকে পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্রসহ কোনো বৈধ কাগজপত্র উদ্ধার করা যায়নি। গ্রেপ্তারের সময় তিনি গুরুতর অসুস্থ থাকায় পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতাল বাহাগিয়া উলু কিন্তা, পেরাক-এ ভর্তি করে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করলে, গত ২৯ জানুয়ারি হাইকমিশনের একজন প্রতিনিধি হাসপাতালে গিয়ে ওই বাংলাদেশি কর্মীকে সরেজমিনে পরিদর্শন করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ওই কর্মী কথা বলতে কিংবা লিখতে সম্পূর্ণ অক্ষম। এ কারণে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
দায়িত্বরত চিকিৎসকের বরাতে জানা হয়, তিনি বর্তমানে মানসিকভাবে সুস্থ নন এবং বিশেষ চিকিৎসার আওতায় রয়েছেন।
এমতাবস্থায় মালয়েশিয়ায় অবস্থানরত কোনো প্রবাসী বাংলাদেশির কাছে যদি ওই ব্যক্তির বিষয়ে নাম, পরিচয় কিংবা আত্মীয়-স্বজনের কোনো তথ্য জানা থাকে, তাহলে দ্রুত বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

