আবারও মাঠের বাইরে রোনালদো

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪

মাঠের লড়াইয়ে আল-নাসর জিতলেও দর্শকদের মনে বড় এক প্রশ্ন উঁকি দিচ্ছে-কোথায় ক্রিশ্চিয়ানো রোনালদো? আল-রিয়াদের পর এবার আল-ইত্তিহাদের বিপক্ষেও মাঠে নামেননি এই পর্তুগিজ সুপারস্টার। শুক্রবারের ম্যাচে তাকে ছাড়াই সাদিও মানে এবং অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের শেষ দিকের দুই গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় আল-নাসর।

ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে ছিল রোনালদোর জয়ধ্বনি। ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারির একদল সমর্থক রোনালদোর নাম ও তার বিখ্যাত সাত নম্বর লেখা হলুদ প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে সমর্থন জানান। ৪১ বছর বয়সী রোনালদো এর আগে সোমবার আল-রিয়াদের বিপক্ষেও ক্লাবের ১-০ ব্যবধানের জয়ে খেলেননি। রোনালদোর এই অনুপস্থিতি নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে নানা গুঞ্জন। 

পর্তুগিজ সংবাদমাধ্যম 'এ বোলা' দাবি করেছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যেভাবে ক্লাব পরিচালনা করছে, তাতে অসন্তুষ্ট হয়েই নাকি রোনালদো খেলতে অনীহা প্রকাশ করেছেন। তবে বিষয়টি ভিন্নভাবে দেখছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। বিবিসি স্পোর্টসের মতে, তাদের দাবি, ক্লাবের উন্নয়ন ও উচ্চাকাঙ্ক্ষায় রোনালদোর অবদান গুরুত্বপূর্ণ হলেও কোনো ব্যক্তি এককভাবে ক্লাবের সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না। 

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল-নাসরে যোগ দেন রোনালদো। যদিও ক্লাবটির সঙ্গে তার একমাত্র বড় সাফল্য ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো ২০২৫ সালের জুনে নতুন দুই বছরের চুক্তি সই করেন। তবে সাম্প্রতিক সময়ে করিম বেনজেমার আল-হিলালে যোগ দেওয়াও নাকি তার হতাশার বড় কারণ এমনটাই দাবি করে বিবিসি স্পোর্টস। বর্তমানে লিগ টেবিলে আল-নাসর শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ