নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলা) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দলটির মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মামলার আবেদন করেন এক সাংবাদিক।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের পক্ষে মো. আকাশ বাদী হয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী এনামুল হক শিশির এসব তথ্য নিশ্চিত করে জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। কাসেমী ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম’ ও ‘নিউজ নারায়ণগঞ্জ ডিজিটালে’ একটি স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রার্থী মনির হোসাইন কাসেমীর টাকা বিতরণের ভিডিও প্রকাশ করে। পরবর্তীতে ভিডিওটি দেশের বেশিরভাগ গণমাধ্যমে প্রকাশ পায়। এর প্রেক্ষিতে প্রার্থীর স্বীকারোক্তির ভিত্তিতে ভারপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তাকে দেড় লাখ টাকা জরিমানা করেন।
গত ১ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে পল্লবীর বনলতা সুইটসের পাশে চায়ের দোকানে আকাশ ও অন্যান্য সাক্ষীরা মোবাইলে দেখতে পান আসামিদের পরিচালিত ‘ফ্যান পেইজে’ নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকমের লোগো এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর, মানহানিকর ও অসত্য কন্টেন্ট আপলোড করা হয়েছে। আপত্তিকর ও মানহানিকর ভিডিওটি ওই দিন রাত ১১টার দিকে ফেসবুক পেজ থেকে মুছে ফেলা হয়।
কাসেমী ও অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটালের বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি করেছে বলে অভিযোগে দাবি করা হয়।
