হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৪

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থীসহ ৪ জন আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ সমর্থকরা বুড়িমারী–পাটগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল দুষ্কৃতকারী শিহাব আহম্মেদের গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে প্রার্থীর ব্যক্তিগত গাড়িটি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। হামলায় শিহাব আহম্মেদসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার খবর ছড়িয়ে পড়লে প্রার্থীর শত শত সমর্থক রাস্তায় নেমে আসেন। তারা লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের দুই পাশে কয়েকশ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে, তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

আহত অবস্থায় স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষ করে পাটগ্রাম থেকে বড়খাতা বাড়বাড়ি উদ্দেশ্যে ফিরছিলাম। কিন্তু জোড়াপুকুর এলাকায় পৌঁছানো মাত্রই আমাদের ওপর পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। আমার গাড়ি ভেঙে চুরমার করা হয়েছে। বর্তমানে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। মাঠের পরিস্থিতি যদি এমন অস্থিতিশীল হয়, তবে সাধারণ ভোটাররা কেন্দ্রে যাওয়ার সাহস হারাবে। এমতাবস্থায় আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে আমি গভীর শঙ্কা প্রকাশ করছি।

শিহাব আহম্মেদকে দেখতে উপস্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, এটি ন্যাক্কারজনক ও জঘন্য কাজ। আমরা প্রশাসনকে আহবান করবো, অতিদ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে।

বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন, নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি পক্ষ এই কাজ করতে পারে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা প্রার্থীর কাছে গিয়েছি এবং তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছি। উত্তেজিত সমর্থকদের বোঝানো হয়েছে এবং সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইত্তেফাক/এএইচপি