সব নাগরিক যেকোনো সময় নিরাপদে চলাচল করবে, এমন রাষ্ট্র গড়তে চান তারেক রহমান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫০

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির লক্ষ্য এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে সব নাগরিক দিন–রাত যেকোনো সময় নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং পরিবার নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী বাজারসংলগ্ন মাঠে আয়োজিত ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভায় তারেক রহমান এ কথাগুলো বলেন।

তারেক রহমান বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এ সময়ে বহু মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক জুলাই আন্দোলনে বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তা রক্ষা করা এবং নিরাপদ রাষ্ট্র গঠন করাই এখন প্রধান দায়িত্ব।’

 ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে কোনো নাগরিককে ধর্ম, বর্ণ বা পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হতে হবে না। মানুষের মূল্যায়ন হবে তার যোগ্যতা ও মেধার ভিত্তিতে। একই সঙ্গে ব্যবসায়ী, চাকরিজীবী কিংবা শ্রমজীবী—সবাই যেন নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন, সেই নিশ্চয়তা দেওয়া হবে।’

বিএনপি নেতা তারেক রহমান আরও বলেন, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জরুরি। এ লক্ষ্যে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। একইভাবে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানান।’

স্বাস্থ্যসেবার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘গ্রামের মানুষেরা এখনো প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত। বিএনপি সরকার গঠন করতে পারলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়া হবে। এতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে মানুষ অসুস্থ হওয়ার আগেই সচেতনতা বাড়বে, যা সামগ্রিক নিরাপত্তা ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।’

ইত্তেফাক/এটিএন