নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। তবে দ্রুত সাঁতার কেটে তীরে উঠতে পারায় ট্রলারে থাকা ১৩ জন শ্রমিক প্রাণে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কেরাণীগঞ্জের জাজিরা এলাকা থেকে ইট নিয়ে ট্রলারটি কুমিল্লার হোমনার উদ্দেশ্যে রওনা হয়। বক্তাবলী ফেরিঘাটের কাছাকাছি পৌঁছালে নদীর তীরবর্তী এলাকায় ট্রলারটি হঠাৎ ডুবে যায়। ওই সময় ট্রলারে নারী ও পুরুষ মিলিয়ে ১৩ জন শ্রমিক ছিলেন। শ্রমিকরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে নিরাপদে তীরে উঠে যান। খবর পেয়ে বক্তাবলী নৌ পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
নৌ পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ইট বহনের কারণেই ট্রলারটি ডুবে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
