প্রাণনাশের হুমকির কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯

নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) কাজী খায়ারুজ্জামান শিপন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছিলেন এই  প্রার্থী। 

কাজী খায়রুজ্জামান শিপন বলেন, ‘কয়েকদিন ধরে আমাকে এবং আমার নেতাকর্মীকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিদেশী নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মজিদ জব্বারকেও হুমকি দেওয়া হয়েছে। সার্বিক বিষয় বিবেচনায় এই নির্বাচনে থাকলে আমার ও আমার নেতাকর্মীদের জীবনের শঙ্কা রয়েছে। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

তিনি আরও বলেন, ‘আমি ২০১৮ সালেও বিএনপির প্রার্থী ছিলাম। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার অপরাধে ২১ জানুয়ারি আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য হুমকি-ধামকী অব্যাহত রাখা হচ্ছে। এমনকি জামায়াত প্রার্থীর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা করার চেষ্টা করলেও, তারা পারেনি। এই অবস্থায় আমরা মনে করি প্রত্যন্ত  এলাকা মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলায় সুষ্ঠু নির্বাচন হবে না। তাই আমরা নির্বাচনে প্রার্থীতার পদ থেকে সরে দাঁড়িয়েছি।’

ইত্তেফাক/এএস/এসজেএস