গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, একটি দল আসন্ন সংসদ নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, সামনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ নির্বাচনের সঙ্গে গণভোটও যুক্ত রয়েছে। জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে আগামী সংসদকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কারের ক্ষমতা অর্পণ করবে যার নাম হবে সংবিধান সংসদ পরিষদ।
তিনি বলেন, একটি রক্তস্নাত অভ্যুত্থানের পর বাংলাদেশের সামনে নতুন করে দেশ গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যাতে নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হবে।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম মুছা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুছা, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এম ইলিয়াস এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

