সড়কের পাশে পড়ে ছিল যুবদল কর্মীর মরদেহ, শরীরে ধারালো অস্ত্রের আঘাত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে জোবায়ের হোসেন (২৭) নামে এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের অন্তত চার স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর দেলিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোবায়ের হোসেন এলাকায় ‘বাচা মিয়া’ নামে পরিচিত ছিলেন। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক এবং সীতাকুণ্ড পৌরসভা যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার তিন সন্তান রয়েছে।

সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ শহীদ উল্লাহ ভূঁইয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটি ভাড়া নিয়ে জোবায়ের মুরাদপুর এলাকায় যান। পরে রাতেই তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, নিহতের পিঠে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন এবং গলার নিচে ডান পাশে আরও একটি আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। তবে এটি নির্বাচনী সহিংসতার সঙ্গে সম্পৃক্ত বলে মনে হচ্ছে না।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, মরদেহের পাশেই তাঁর অটোরিকশাটি পড়ে ছিল। তবে জোবায়েরের মুঠোফোন পাওয়া যায়নি। ঘটনাটি ছিনতাই নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি