ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম টানা তিন দিন বন্ধ থাকবে। তবে ভোটের দিন ছাড়া অন্যান্য দিনে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মণ্ডল বলেন, নির্বাচন উপলক্ষে সরকার দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় তিন দিন বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি চিঠির মাধ্যমে ভারতের ব্যবসায়ীদের জানানো হয়েছে এবং তারা এতে সম্মতি দিয়েছেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, শুধুমাত্র ভোটের দিন বৃহস্পতিবার ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বুধবার ও শুক্রবার বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা এ পথ দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা (আরও) এম আর জামান বাঁধন বলেন, ঘোষিত ছুটির কারণে বুধবার ও বৃহস্পতিবার বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বন্দরের ওয়্যারহাউজে পণ্য লোড-আনলোড কার্যক্রমও স্থগিত রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে তিন দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

