ভোটের আগের দিন মহাসড়কে যানচলাচল স্বাভাবিক, যাত্রীর চাপ কম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭

আগামীকাল (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বহুল কাঙ্ক্ষিত এই ভোটের জন্য সরকার কর্তৃক ছুটি ঘোষণার পর শহর ছেড়ে গ্রামে ছুটে গিয়েছেন হাজার হাজার মানুষ। গতকাল নারায়ণগঞ্জের বাসস্ট্যান্ডগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। তবে ভোটের একদিন আগে অর্থাৎ বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী যাত্রীদের উপস্থিতি প্রায় নেই। ফলে যাত্রীর তুলনায় যানবাহনের উপস্থিতি বেশি চোখে পড়ছে।

শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের পাশে থাকা বাসস্ট্যান্ডগুলো নিস্তব্ধ। দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ অপেক্ষা করে স্বল্প যাত্রী নিয়ে যাত্রা করছে। যাত্রীর চাপ কম থাকার কারণে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাসের টিকিট কাউন্টারে কর্মরত কয়েকজন জানালেন, গতকাল যাত্রীদের ভিড়ে তাদের কাজ করতে খুব কষ্ট হয়েছিল। প্রতিটি যাত্রীর চাহিদা মেটাতে ব্যস্ত থাকতে হয়েছিল। তবে আজ যথেষ্ট গাড়ি থাকা সত্ত্বেও যাত্রী সংখ্যা খুব কম।

কুমিল্লা ও ফেনীর দূরপাল্লার বাস চালক জাকির বলেন, যাত্রী নেই বললেই চলে। যারা আছে, তারা মূলত কুমিল্লা ও ফেনী পর্যন্ত যাচ্ছেন। শহরের যাত্রীরা ইতিমধ্যেই গ্রামে পৌঁছেছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর জানান, গতকালের তুলনায় আজ যাত্রী ও গাড়ির চাপ অনেক কম। ঘরমুখো কিছু যাত্রী থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা সড়কে অবস্থান করছি এবং পরিস্থিতি নজরদারি করছি।

ইত্তেফাক/কেএইচ