নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে আগত একটি ফ্লাইটে অভিযান চালিয়ে নগদ প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা থেকে আগত ‘নভোএয়ারের’ একটি ফ্লাইটে তিনি সৈয়দপুরে অবতরণ করলে সন্দেহজনকভাবে তাকে নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে।
পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। উদ্ধারকৃত অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নির্বাচনী পরিবেশে এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
