মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪১

ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনের ই-ভিসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সিস্টেমের কারিগরি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে করেছে সাময়িকভাবে ই-ভিসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে বলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-ভিসার অফিশিয়াল ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।

হাইকমিশন জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালীন malaysivisa.imi.gov.my ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সব ধরনের নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা আবেদনগুলোর অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সিস্টেমের উন্নয়ন কাজ শেষ হওয়া মাত্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

তবে রক্ষণাবেক্ষণ চলাকালীন যদি কারও অত্যন্ত জরুরি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে তাকে সরাসরি ই-মেইলের ([email protected]) মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। মালয়েশিয়া গমনেচ্ছু এবং ই-ভিসা প্রত্যাশীদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মালয়েশিয়ান হাইকমিশন। দ্রুততম সময়ের মধ্যে সেবাটি পুনরায় চালুর বিষয়ে তারা কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইত্তেফাক/এটিএন