কুষ্টিয়ার কুমারখালীতে ভোটগ্রহণের আগের দিন একটি ভোটকেন্দ্রের অদূরে ১০টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রায় ২০ গজ দূরে নেপিয়ার ঘাসক্ষেত থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াকান্দি বাজারসংলগ্ন ওই বিদ্যালয়টি আগামীকালের ভোটের জন্য নির্ধারিত কেন্দ্র। দুপুরের দিকে রাজমিস্ত্রি ফরিদ খান ঘাসক্ষেতে কাজ করতে গিয়ে মুখ বাঁধা অবস্থায় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি স্থানীয়দের জানান। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
ব্যাগ দুটি তল্লাশি করে লাল টেপে মোড়ানো ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে সেগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত ফরিদ খান বলেন, আমি ঘাসক্ষেতে গিয়ে হঠাৎ মুখ বাঁধা একটি ব্যাগ দেখে ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের জানালে আরও একটি ব্যাগ পাওয়া যায়। এরপর প্রশাসনকে খবর দেওয়া হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে নিরাপদে সরানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তবে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
