ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি দুর্গম চরে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় শটগান-গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার দুর্গম চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি একটি শটগান, তিন রাউন্ড গুলি, ৯টি দেশীয় দা এবং একটি দ্রুতগতির ট্রলার জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি জামাল হোসেন (৪৪) এবং ভাসারচর গ্রামের শহীদ ঢালির ছেলে।
গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ গজারিয়া আর্মি ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। ইউনিয়নের চরচাষী, ভাসারচর ও শিমুলিয়া গ্রামে সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানায় হানা দেওয়া হয়। অভিযান চলাকালে রিয়াজের বাড়ির পানির ট্যাংকের পাশ থেকে একটি দেশীয় তৈরি শটগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির রান্নাঘর থেকে ৯টি দেশীয় দা উদ্ধার করা হয়। একই সময়ে নদীর ঘাট থেকে ডাকাতদলের ব্যবহৃত একটি দ্রুতগতির ট্রলার জব্দ করা হয়।
অভিযানকালে ভাসারচর গ্রাম থেকে জামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উদ্ধার অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
