পাবনায় বিদেশি রিভলবার-রাইফেলসহ বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৯

পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজের পাশের একটি টিনশেড স্টোররুমে অভিযান চালানো হয়। সেখান থেকে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের কামালের ছেলে শাহীন (২০) ও ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামানিক (৪৭)কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি সচল সেমি-অটোমেটিক সেলফ লোডেড রাইফেল (এসএলআর) লোডেড ম্যাগাজিনসহ ৬৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি ২২ বোর রাইফেল ম্যাগাজিন ও কার্তুজসহ এবং একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে ঈশ্বরদীর মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাদশা মিয়ার ছেলে মমিনুল ইসলাম খোকন (৩৩)কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি পরিত্যক্ত পানির ট্যাংকির ভেতর থেকে একটি সচল ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ এবং ৩১ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার জানান, কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তাররা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতেন। এ ঘটনার নেপথ্যে জড়িত অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ইত্তেফাক/এসজেএস