ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সকাল হওয়ার আগেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্ধারিত সময়ের অনেক আগে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ কেন্দ্রে এসে অবস্থান নেন। অনেককে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ভোটাররা কেন্দ্রে পৌঁছে যান। সকাল ৭টার আগেই কোথাও কোথাও কেন্দ্রের মূল ফটকের সামনে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে।
খিলগাঁওয়ের তালতলা এলাকার একটি কেন্দ্রে লাইনে দাঁড়ানো আবদুল কাদের বলেন, ‘সকাল সকাল চলে এসেছি। পরে ভিড় বাড়লে ঝামেলা হতে পারে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই।’
রামপুরার সালামবাগ জামে মসজিদ কেন্দ্রের সামনে অপেক্ষমাণ জামাল হোসেন বলেন, ‘অনেকদিন পর ভোট নিয়ে মানুষের আগ্রহ দেখছি। তাই দেরি না করে চলে এসেছি।’ তিনি জানান, ভোটের পরিবেশ উৎসবমুখর থাকুক এবং সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন—এটাই প্রত্যাশা।
একই কেন্দ্রে প্রথমবার ভোট দিতে আসা তরুণ সিয়াম হোসেন বলেন, ‘প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিচ্ছি। তাই একটু উত্তেজনাও কাজ করছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হোক—এটাই চাই।’
মো. মহিউদ্দিন বলেন, ‘ফজরের নামাজ শেষে কয়েকজন একসঙ্গে লাইনে দাঁড়িয়েছি। সকাল সকাল ভোট দিয়ে বাসায় ফিরব।’
কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের শৃঙ্খলভাবে লাইনে দাঁড়াতে এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
নির্বাচন কমিশন আগেই জানিয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যবেক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
