আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকায় ভোট দিচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির প্রধানরা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এরইমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠেয় গণভোটে ভোট দেবেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। তিনি ঢাকা-১৭ আসনের প্রার্থী।
সকাল ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার নিজ আসন ঢাকা-১৫ এলাকার ৬০ ফিটে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেবেন।
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ভোট দেবেন বাড্ডার বেরাইদে (ফকির খালি রোডের মাথা) এ. কে. এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। তিনি ঢাকা-১১ আসনে লড়ছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোট দেবেন ঢাকা-১০ সংসদীয় আসনে। রমনার ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে ভোট দিতে যাবেন তিনি।
