রাজধানীর ভিকারুননিসা স্কুলে ভোট দিলেন ইসি সানাউল্লাহ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন। কেন্দ্র পরিদর্শন শেষে সকাল ৯টা ১০ মিনিটে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার সময় কেন্দ্রের ভেতরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন এবং ভোটারদের উপস্থিতিও ছিল স্বাভাবিক।

ভোট প্রদান শেষে তিনি কিছু সময় কেন্দ্র প্রাঙ্গণে অবস্থান করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন।

আজ সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ইত্তেফাক/কেএইচ