ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটে অংশ নিয়ে এবার ভোট দিয়েছেন ৯৭ বছর বয়সী আবু বক্কর সিদ্দিক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে ঢাকা-৪ আসনের একে হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
এবার ভোটাররা আলাদা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন। সাদা ব্যালটে সংসদ সদস্যপ্রার্থীদের এবং গোলাপি ব্যালটে গণভোট দিচ্ছেন। এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে।
দীর্ঘ ১৭ বছরে তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার প্রায় ১৩ কোটি ভোটার নতুন করে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের নির্বাচন ‘একতরফা’, ২০১৮ সালের নির্বাচন ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের নির্বাচন ‘আমি-ডামির নির্বাচন’ হিসেবে ব্যাপক সমালোচিত ছিল। বহু ভোটারের অভিযোগ ছিল, তারা ভোট দিতে পারেননি। তবে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিতে উৎসাহী প্রায় সবাই।
উলেখ্য, ঢাকা-৪ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন, বিএনপির তানভীর আহমেদ রবিন এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন।
