জনগণের যে কোনো রায় জামায়াত মেনে নেবে: জামায়াতের নায়েবে আমির

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের যে কোনো রায় জামায়াতে ইসলামী মেনে নেবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়নে পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নায়েবে আমির। দুই নাতনিকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন তিনি। সে সময় তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ। সুষ্ঠু ও ষড়যন্ত্রমুক্ত পরিবেশ বজায় থাকলে জয়ী হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

ভোটগ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. তাহের আরও বলেন, সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলে মন্তব্য করে জামায়াতের এই নেতা আরও বলেন, ‘২-৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। এভাবে ভোটগ্রহণ চলতে থাকলে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব বলে আশাবাদী।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি নির্বাচনকে কেন্দ্র করে কোনো গভীর ষড়যন্ত্র হয়, তা দেশের জন্য অকল্যাণকর হবে এবং দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। তবে এখন পর্যন্ত চৌদ্দগ্রামে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং পরিস্থিতি ইতিবাচক।’

ভোটকেন্দ্রে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। কেন্দ্রের পরিবেশ ছিল শান্তিপূর্ণ এবং ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ইত্তেফাক/এটিএন