ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে অসদাচরণ, যুবকের তিন মাসের কারাদণ্ড

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৭

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে মো. অনিক হোসেন (২৮) নামের এক যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত অনিক হোসেন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কাটদহচর গ্রামের আজগর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনিক ভোট প্রদান শেষে কেন্দ্রের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে কেন্দ্র ত্যাগ করতে বলেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ওই পুলিশ সদস্যকে ‘দুই টাকার পুলিশ’ বলে সম্বোধন করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশের সঙ্গে অসদাচরণের দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি