মাদারীপুর-২ আসনের ৮৪ নম্বর নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং কর্মকর্তা বাকি বিল্লাহর বিরুদ্ধে। তিনি সর মঙ্গল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিষয়টি বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানের নজরে এলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। পরে প্রশাসনের যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগের পর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে বিষয়টি জানানো হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত রেজাল্ট সিট জব্দ করেন।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। স্বাক্ষরিত কাগজগুলো জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রিজাইডিং কর্মকর্তা বাকি বিল্লাহ বলেন, কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়েছিলাম। এটি আমার ভুল হয়েছে।
