নারায়ণগঞ্জ-৩ আসনে কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া ও জাল ভোট দেওয়াসহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ‘ঘোড়া’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প এলাকায় সাংবাদিকদের কাছে তিনি এ ঘোষণা দেন। বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে।
অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন এবং ভোটগ্রহণে প্রভাব বিস্তার করেছেন। এ পরিস্থিতিতে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং এই আসনে পুনঃনির্বাচনের দাবি জানান।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। সোনারগাঁ অঞ্চলের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, তিনি সকালে একটি কেন্দ্রে এজেন্ট না থাকার অভিযোগ করেছিলেন। তখন তাকে প্রিসাইডিং কর্মকর্তার কাছে এজেন্ট পাঠানোর অনুরোধ করা হয়। কিন্তু তার কোনো এজেন্ট প্রিসাইডিং কর্মকর্তার কাছে রিপোর্ট করেননি।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।
সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ অঞ্চল নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার। এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

