নির্বাচন বাতিল করে পুনর্ভোটের দাবি স্বতন্ত্র প্রার্থীর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ‘ঘৃণিত প্রহসন’ হিসেবে আখ্যা দিয়ে তা বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম অভিযোগ করেন, নির্বাচনের দিন প্রকাশ্যে বিভিন্ন ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে, যা দেশের নির্বাচন ইতিহাসে নজিরবিহীন। তিনি বলেন, অতীতের কোনো সময়েও এভাবে প্রকাশ্যে ভোট কারচুপির ঘটনা ঘটেনি।

তিনি বলেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলেও দিনের আলোয় প্রকাশ্যে ভোটকেন্দ্র দখল করে এভাবে সিল মারার ঘটনা ঘটেনি। এবার দুপুরের আলোয় প্রকাশ্যে ভোট ডাকাতি হয়েছে। আমরা এ নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

মোর্শেদ আলম আরও অভিযোগ করেন, ভালুকার সাধারণ ভোটারদের সাংবিধানিক ভোটাধিকার হরণ করা হয়েছে এবং নির্বাচনের দিন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে।

তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

ইত্তেফাক/এএইচপি