জামায়াতের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী: মির্জা ফখরুল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদর নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী। 

এবারের সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী হয়েছেন মির্জা ফখরুল। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেই তিনি এসব কথা বলেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তার ভাষায়, জামায়াতে ইসলামীর উত্থান হয়েছে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের ফলে। এটা পলিটিক্যাল সায়েন্সের অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাধা দেওয়া হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। সেটাই হয়েছে। আজকে জামায়াতে ইসলামীর যে উত্থান হয়েছে, তা আওয়ামী লীগের কারণে। 

তিনি জানান, আওয়ামী লীগের দমন-পীড়নমূলক শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদের নির্বাচন করতে না দেওয়া'র ফলে এগুলো হয়েছে। তবে জনগণ তাদেরকে (জামায়াতে ইসলামীকে) ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। বিএনপি তো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েই গেছে। 

ইত্তেফাক/এসআর