ফেনী-২ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে পরাজিত করে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক এ ফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, অধ্যাপক জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান মঞ্জু ঈগল প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ভূঞা (হাতপাখা) ৬ হাজার ৮৪৯ ভোট, আমজনতা দলের সাইফুল করিম মজুমদার (প্রজাপতি) ৮০১ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা (রিকশা) ৮২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল (ঘোড়া) ৭০৩ ভোট, গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক) ৪০৯ ভোট, বাসদ (মার্কসবাদী) জসিম উদ্দিন (কাঁচি) ৩২২ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন (বটগাছ) ৩০৪ ভোট, জেএসডির সামসুদ্দিন মজুমদার (তারা) ২৪০ ভোট এবং ইনসানিয়াত বিপ্লবের তাহিরুল ইসলাম (আপেল) ২৩৯ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন। ভোটগ্রহণের হার ছিল ৫১ দশমিক ৮৭ শতাংশ। মোট কেন্দ্র ছিল ১৪৬টি। এ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসী ও দেশে ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তারা।
ফলাফল ঘোষণার পর মজিবুর রহমান মঞ্জু বিজয়ী প্রার্থী জয়নাল আবেদিনকে শুভেচ্ছা জানান। একইভাবে জয়নাল আবেদিন সকলকে ঐক্যবদ্ধ হয়ে ফেনীর উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
