নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে বড় জয়ে পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আরব আমিরাতের মেয়েরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। আমিরাতের বোলারদের তোপে শুরু থেকে ধুঁকতে থাকে ভারতের মেয়েরা। দলীয় ২৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।
এরপর আসা যাওয়ার যোগ দেন মিডল অর্ডার ব্যাটাররা। একাই লড়াই করে যান আনুস্কা শর্মা। আর শেষদিকে দলীয় স্কোর কিছু রান যোগ করেন তানুজা কানওয়ার।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আনুস্কা। আর কানওয়ারের ব্যাট থেকে আসে ৩৪ রান। সংযুক্ত আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সামাইরা।
১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪০ রান তোলে আমিরাত। ১০ রান করে ফেরেন ওপেনার থেরথা সাতিস। পরের উইকেটে নামা সামাইরাকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ওপেনার ও দলনেতা এসা ওঝা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দল। পরে উইকেট হারালেও জয় নিয়েই মাঠ ছাড়েন ওঝা।
ফিফটি পূরণের পর এসা ওঝা অপরাজিত থাকেন ৭২ রানে। আর ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন হেনা হটচান্দানি। ভারতের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন রাধা যাদব, প্রেমা রাওয়াত ও তানুজা কানওয়ার।
