রংপুর-৪ আসনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ এনেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। তার দাবি, ১১ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী করতে প্রশাসনিকভাবে ফলাফল প্রভাবিত করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের ডাকবাংলো কার্যালয়ে তিনি ভোট পুনর্গণনার আবেদন জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহানের কাছে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। একই আসনে বাংলাদেশ কংগ্রেস-এর প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায়ও ভোট পুনর্গণনার আবেদন করেন।
এমদাদুল হক ভরসা অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের সাড়ে ৮ হাজার ভোট বাতিল দেখানো হয়েছে এবং প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, “প্রশাসনকে কবজায় নিয়ে রংপুর-৪ আসনের ফলাফল জালিয়াতি করে আমাকে পরাজিত করা হয়েছে। আজ দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ফলাফল পুনর্গণনার দাবিতে লিখিত অভিযোগ করেছি।”
ভরসার দাবি, ভোটের দিন বিকেল ৩টার পর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতার হোসেন পেশিশক্তি ব্যবহার করে বিভিন্ন কেন্দ্রে ‘মব’ তৈরি করে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করেন। ভোট গণনার সময়ও কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দ্রুত ভোট পুনর্গণনার দাবি জানিয়ে বিএনপির এই প্রার্থী হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
সাংবাদিকের সাথে কথা বলার সময় অঝোরে কেঁদেছিলেন তিনি।
