ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নির্বাচনের সময় জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। তার নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শামা ওবায়েদ।
তিনি বলেন, আমি সত্যের পথে আছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত সত্যের পথেই থাকব। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অন্যায় কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না।
দলীয় নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও দোয়ায় তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এই বিজয় তার ব্যক্তিগত নয় বরং নগরকান্দা ও সালথার সব মানুষের বিজয়।
শামা ওবায়েদ বলেন, এই বিজয় উল্লাসের নয়, এটি দায়িত্বের। আজ থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষ আমার আপনজন।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের বিষয় নিয়ে এলাকায় কোনো সংঘাত করা যাবে না। কারও ওপর অন্যায় করা যাবে না। ঐক্যবদ্ধভাবে কাজ করে সালথা ও নগরকান্দাকে দেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সব নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, সমর্থক ও নিরপেক্ষ ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত এ সংসদ সদস্য।

